চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে প্রবাসী প্রকৌশলী উদ্ধার, আটক ৪

চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে প্রবাসী প্রকৌশলী উদ্ধার, আটক ৪

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় অপহৃত এক প্রবাসী প্রকৌশলীকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) বেলা ১১টায় নগরের চান্দগাঁও এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কাতারপ্রবাসী ও চুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুল হক। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র‍্যাবের সহায়তা চান।

আরও পড়ুন
মতিঝিলে গুলি করে ডলার ছিনতাই, আগে থেকেই রেকি করছিল দুর্বৃত্তরা 
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ 

র‍্যাবের ভাষ্য, নিখোঁজ হওয়ার কিছু সময় পর এক নম্বর থেকে মনিরুল হকের পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, তিনি তাদের হেফাজতে রয়েছেন। তাকে সুস্থ অবস্থায় ফেরত পেতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে র‍্যাব-৭ এর একটি দল অভিযান শুরু করে। সন্ধ্যা ছয়টার দিকে বন্দর থানার রেলওয়ে একাডেমি এলাকার সিইএসডি গুদামের সামনে ডেবারপাড়ার এক জঙ্গল থেকে মনিরুল হককে উদ্ধার করা হয়।

jagonews24.com

এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রোহান (২০), মো. সায়েম (২৩), সাদ্দাম হোসেন (২৮) ও জিয়াউর রহমানকে আটক করা হয়। তাদের সবার বাড়ি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপহরণের ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এমআরএএইচ/কেএসআর

Check out our other content

Check out other tags:

Most Popular Articles