টানা দ্বিতীয়বারের মতো সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপ জেতায় ইরানের জাতীয় নারী ভলিবল দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানি নারীদের সক্ষমতা ও দৃঢ়তা প্রদর্শনের জন্য অ্যাথলেটদের প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার (৩০ মে) এক বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, দলের এই সাফল্য আবারও ‘ইসলামি ইরানের নারীদের ক্ষমতা, সংকল্প এবং বিপুল সম্ভাবনা’ প্রমাণ করেছে।
তিনি আরও যোগ করেন, এই মূল্যবান বিজয় দেখিয়েছে যে ইরানি নারীরা তাদের প্রতিভা, অধ্যবসায় এবং উচ্চ মনোবলকে পুঁজি করে সম্মানের শিখরে পৌঁছাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা তুলে ধরতে সক্ষম।
প্রেসিডেন্ট ইরানি জাতি, কারিগরি কর্মকর্তা, কোচ এবং নারী জাতীয় ভলিবল দলের সদস্যদের প্রতি তার ‘আন্তরিক অভিনন্দন’ জানানোর পাশাপাশি তাদের প্রচেষ্টার প্রশংসা করেন। নেপালের কাঠমান্ডুতে শুক্রবার (২৯ মে) স্বর্ণপদকের ম্যাচে কাজাখস্তানকে ২৫-১৮, ১৯-২৫, ২৫-১৫, ২৫-২১ ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকে ‘কাভা নারী ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর শিরোপা জয় সম্পন্ন করে ইরান।
কাজাখস্তান দ্বিতীয় সেটটি জিতে ম্যাচে সমতা আনার পর, ইরান তৃতীয় ও চতুর্থ সেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আবার লিড নেয় এবং টুর্নামেন্টে নিখুঁত ৬-০ রেকর্ড নিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে। এর আগে ইরান পুল পর্বের সব ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল এবং আঞ্চলিক এই মুকুট নিজেদের করে নিতে নকআউট পর্বজুড়ে তাদের শক্তিশালী ফর্ম ধরে রাখে।
ফাইনালে ফাতেমেহ খলিলি চেরমাহিনি ১৫ পয়েন্ট নিয়ে ইরানের পক্ষে নেতৃত্ব দেন, আর ইলাহে পুরসালেহ শাহদেহসারি ১৪ পয়েন্ট এবং রায়হানে কারিমি ১১ পয়েন্ট অবদান রাখেন।
কেএম

