চারটা টি-টোয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডেতে আজই অভিষেক হলো আরাফাত মিনহাসের। অভিষেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে আবির্ভাব জানান দিলেন ২১ বছর বয়সী এই স্পিনার।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মিনহাসের বাঁহাতি স্পিনে ২০০ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২০১।
টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। একটা সময় ১ উইকেটে ৬২ রান ছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে আরাফাত মিনহাসের তোপে ৬ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। টানা দুই ওভারে এই তিন উইকেট নেন মিনহাস।
ম্যাথু শর্ট দলকে এগিয়ে নিচ্ছিলেন। ফিফটির পর তাকেও শিকার করেন অভিষিক্ত মিনহাস। ৭৬ বলে ৫৫ করে ফেরেন শর্ট।
এরপর হাল ধরতে চেয়েছিলেন ম্যাট রেনশ। খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু লেগস্পিনার আবরার আহমেদের অনেকটুকু বাঁক নেওয়া এক বিস্ময় ডেলিভারিতে বোল্ড হয়ে যান রেনশ। ৬৩ বলে ৬২ করে ফেরেন তিনি।
পরের দিকে ম্যাথিউ কুনম্যান লড়াই করে অস্ট্রেলিয়াকে ২০০ পর্যন্ত নিয়ে গেছেন। ৪৪.১ ওভারে অলআউট হয় অসিরা। কুনম্যান করেন ২৪ রান।
আরাফাত মিনহাস ৩২ রান খরচায় একাই নেন ৫টি উইকেট। ২ উইকেট শিকার আবরার আহমেদের।
এমএমআর

