নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার আরিফ সরকার নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে।বুধবার (৬ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এ তথ্য জানান।
পিবিআই প্রধান বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আরিফ সরকারকে গ্রেফতার করে দুবাই পুলিশ। পরে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানানো হলে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে একটি বিশেষ টিম দুবাই গিয়ে তাকে দেশে ফিরিয়ে আনে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গ্রেফতার আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের পরিকল্পনায় ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে তিনি মারা যান।
এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। শুরুতে থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা মামলার তদন্তভার দেয়।
গ্রেফতার আরিফ সরকার ঘটনায় জড়িত থাকার সু-স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় আরিফ সরকারের বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ সদর দপ্তররের এনসিবি বরাবরে আবেদন করে পিবিআই। পরবর্তীতে আরিফ সরকার দুবাইতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়ার অংশ হিসাবে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। পরে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়। পরে মামলা তদন্ত শেষে পিবিআই গত বছরের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পিবিআই প্রধান আরও জানান, পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আরিফ সরকারকে দুবাই থেকে গত ৬ মে বাংলাদেশে নিয়ে আসে।
উল্লেখ্য, এই মামলার সঙ্গে জড়িত অন্যতম আসামি মহসীনকেও ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফেরত আনে পিবিআই।
টিটি/এমএএইচ/

