Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক তাকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে তিনি ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণ এবং নতুন গভর্নর মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংক সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।

এ অবস্থায় অনলাইনে সভায় অংশ নেওয়ার শর্তে চেয়ারম্যান এম জুবায়দুর রহমান দেড় মাসের ছুটিতে দেশের বাইরে যান। একই সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত ১২ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাদের ছুটি অনুমোদন দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছিল। সভাকে কেন্দ্র করে ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তারা এমডি ওমর ফারুক খানকে পদত্যাগ না করার দাবি জানান এবং চেয়ারম্যান এম জুবায়দুর রহমানের পদত্যাগ চান।

এমন পরিস্থিতির মধ্যেই জুবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংকটির একটি সূত্র জানিয়েছে। তবে পরিচালনা পর্ষদের সভা স্থগিত হওয়ায় এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে এম জুবায়দুর রহমান ও ওমর ফারুক খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের সরিয়ে দিয়ে ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

ইএআর/এমকেআর