Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeউচ্চ ব্যয়-অর্থায়ন সংকটে আবাসন খাত, সমাধানে সরকারের দিকে তাকিয়ে রিহ্যাব

উচ্চ ব্যয়-অর্থায়ন সংকটে আবাসন খাত, সমাধানে সরকারের দিকে তাকিয়ে রিহ্যাব

দেশের আবাসন খাত বর্তমানে উচ্চ নির্মাণ ব্যয় ও অর্থায়ন সংকটে চাপে রয়েছে বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের নীতিগত সহায়তা জরুরি বলে মনে করছে সংগঠনটি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বৈঠকে রিহ্যাব নেতারা এসব বিষয় তুলে ধরেন এবং আধুনিক, সাশ্রয়ী আবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৫ মে) ‘আবাসন খাতের সার্বিক উন্নয়ন, সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত নেতারা।

সাক্ষাৎকালে আবাসন খাতের বর্তমান চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য আবাসন নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব নেতারা খাতটির টেকসই উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমানে নীতিগত জটিলতা, উচ্চ নির্মাণ ব্যয় এবং অর্থায়ন সংকটের কারণে খাতটি চ্যালেঞ্জের মুখে রয়েছে।

সরকারের কার্যকর সহযোগিতা পেলে এ খাত আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে আবাসন খাত এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি নীতি সহায়তা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা জরুরি।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, আবাসন খাত দেশের নগরায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার এ খাতের উন্নয়নে আন্তরিক এবং এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রিহ্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

এসময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক তাসনুভা মাহবুব সালাম এবং সদস্য প্রতিনিধি এম জি আর নাসির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আবাসন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ইএআর/এমআইএইচএস