বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত তিন লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী ঈদুল আজহার উৎসব ভাতার (বোনাস) টাকা তুলতে পারবেন বুধবার (১৯ মে)।
মঙ্গলবার (১৮ মে) রাত থেকেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা জমা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা।
তারা জানান, শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এরই মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবারের মধ্যে সবাই উৎসব ভাতার টাকা পাবেন।
গত ১৬ মে এমপিওভুক্ত তিন লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেদিন সরকারি আদেশও (জিও) জারি করা হয়। আদেশ চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়।
উৎসব ভাতার প্রস্তাবের চিঠি থেকে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বাবদ মোট ৪৫৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৭৬৩ টাকা উল্লিখিত বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে ছাড়ের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
এএএইচ/এমএএইচ/

