যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ ভোজসভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) আয়োজিত এই নৈশভোজটি ছিল ট্রাম্পের বহুল আলোচিত রাষ্ট্রীয় সফরের অন্যতম প্রধান আকর্ষণ। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গিয়ে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেয় বেইজিং।
ভোজসভায় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যরা এবং সফরসঙ্গী হিসেবে থাকা মার্কিন শীর্ষ ধনকুবের ও করপোরেট প্রধানরা। অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের বিলাসবহুল ও ঐতিহ্যবাহী খাবার।
জানা গেছে, খাবারের আইটেমে ছিল সামুদ্রিক স্যুপে কুচি করা কডফিশ, মচমচে ও ভাজা লবস্টার বল, মোরেল মাশরুম দিয়ে তৈরি প্যান-সিয়ারড বিফ ফিলে, কুং পাও চিকেন ও স্ক্যালপস, অল্প আঁচে ধীরে ধীরে রান্না করা মৌসুমি সবজি, বাঁশকুঁড়ি, মাশরুম ও বিনস, গরুর মাংসের পুরভরা পাউরুটি ও ধীমি আঁচে সেদ্ধ শুকরের মাংস, শ্রিম্প ডাম্পলিং, চকলেট ব্রাউনি, ফল ও আইসক্রিম এবং কফি ও চা।
এই সফরকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। বাণিজ্য, প্রযুক্তি ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের টানাপোড়েনের মধ্যেই আয়োজিত এই সফর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ফাঁকে চীনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি চীনকে দেখে খুবই মুগ্ধ।
বেইজিংয়ের ঝংনানহাই কমপ্লেক্সে হাঁটার সময় ট্রাম্প একপর্যায়ে গোলাপ ফুল দেখে মন্তব্য করেন, এগুলো যে কারও দেখা বিশ্বের সবচেয়ে সুন্দর গোলাপ।
চীনের কেন্দ্রীয় সরকারের প্রধান কার্যালয় ও প্রশাসনিক কেন্দ্র হলো ঝংনানহাই। এটি সাধারণত চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) ও রাষ্ট্রীয় পরিষদের (স্টেট কাউন্সিল) সদর দপ্তর হিসেবে কাজ করে
পরে টি-রুমে যাওয়ার পথে ট্রাম্পকে বলতে শোনা যায়, শি জিনপিং তাকে হোয়াইট হাউজের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেবেন।
এ সময় ট্রাম্প শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের বিষয়ও উল্লেখ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর শি’র যুক্তরাষ্ট্র সফর হতে পারে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্যের মতো এই সফরটিও হবে পারস্পরিক। তিনি আরও বলেন, আমরা সবকিছু খোলামেলাভাবে উপস্থাপন করব। আশা করি, আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে খুবই মুগ্ধ হবেন, যেমন আমি চীনকে দেখে হয়েছি।
অন্যদিকে, হোয়াইট হাউজের সফরসঙ্গী ও সাংবাদিকদের জন্য ভ্যানে করে ম্যাকডোনাল্ডস থেকে একাধিক আইটেম সরবরাহ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
এমএসএম

