Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ২-০ গোলে আবাহনীকে হারিয়ে এক...
Homeজ্বালানি সংকটে শিল্প খাত: উদ্ভাবনী সমাধান ও সমন্বিত উদ্যোগের তাগিদ ​

জ্বালানি সংকটে শিল্প খাত: উদ্ভাবনী সমাধান ও সমন্বিত উদ্যোগের তাগিদ ​

দেশের শিল্পখাতের বিকাশে একসময় সস্তা গ্যাস ও শ্রম বড় শক্তি হিসেবে কাজ করলেও এখন সেই পরিস্থিতি আর নেই। প্রতি বছর দেশীয় গ্যাস উত্তোলন কমছে ১০০ এমএমসিএফ (মিলিয়ন মেট্রিক কিউবিক ফিট) হারে। এমন প্রেক্ষাপটে শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে হলে আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) পাশাপাশি সৌরশক্তি ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির দিকে নজর দেওয়ার বিকল্প নেই।

বাংলাদেশে জ্বালানির ভবিষ্যত নিয়ে শনিবার (৯ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ) ও গ্রিনটেক ফাউন্ডেশনের সহযোগিতায় এই সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমাদের জ্বালানি নিরাপত্তায় গতানুগতিক চিন্তার বাইরে এসে নতুন ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে ল্যান্ড-বেজড এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) এবং জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহারে আমাদের আরও উদ্যোগী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘সমন্বয়ের অভাব আমাদের বড় সংকট। জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) একটি মনিটরিং সেল গঠন করা যেতে পারে। ব্যবসায়ী ও সরকার একসঙ্গে কাজ করলে জ্বালানি সমস্যার টেকসই সমাধান সম্ভব।’

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ তার বক্তব্যে বর্তমান সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিল্প ও কর্মসংস্থানের জন্য জ্বালানিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০২২ সালের পর থেকে আমরা আর সস্তা জ্বালানির সুবিধা পাচ্ছি না। তবে আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে।’

সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যেমন চাই না শিল্প বন্ধ হোক, সরকারও তা চায় না। সংকট থেকে উত্তরণে আমাদের সুনির্দিষ্ট ও কারিগরি প্রস্তাব নিয়ে সরকারকে বোঝাতে হবে যাতে তারা বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়।’

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকসের লিড অ্যানালিস্ট শফিকুল আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) সভাপতি ডেভিড হাসানাত, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এনএইচ/একিউএফ