Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeটি-টোয়েন্টিতে দুইশ করতে চান সূর্যবংশি

টি-টোয়েন্টিতে দুইশ করতে চান সূর্যবংশি

বৈভব সূর্যবংশিকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছুই নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও কিশোর বয়সে যা করে চলেছেন ভারতের বয়সভিত্তিক দল ও আইপিএলে, তাতে চোখ কপালে ওঠে ক্রিকেট বিশ্বের নামিদামি তারকাদেরও।

এখন পর্যন্ত এবারের আইপিএলে ১৪ ইনিংসে ২৩২ স্ট্রাইক রেটে করেছেন ৫৮৩ রান। এক সেঞ্চুরিসহ করেছেন ৩ ফিফটিও।

সম্প্রতি তিনি জানিয়েছেন নিজের এক ইচ্ছার কথা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন, টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি করতে চান তিনি।

পিটারসেনের ইউটিউব শো ‘দ্য সুইচ’- এ তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে দুইশ রান করতে চাই।’

এখন পর্যন্ত এই সংস্করণে তার ব্যাটে সর্বোচ্চ রান এসেছে ১৪৪। গেল বছর নভেম্বরে রাইজিং স্টার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই বিধ্বংসী ইনিংস খেলেন মাত্র ৪২ বলে। ১১ চার ও ১৫ ছক্কায় এই তাণ্ডব চালান তিনি। এবার জানালেন টি-টোয়েন্টিতে নিজের দুইশ রানের আকাঙ্ক্ষার কথা।

কেভিন পিটারসেনের আলাপচারিতায় এই সংস্করণে ক্রিস গেইলের সর্বোচ ১৭৫ রানের ব্যক্তিগত ইনিংসটি ভেঙে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সূর্য। ২০১৩ আইপিএলে ২০১৩ পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে এই বিধ্বংসী ইনিংস খেলেন গেইল।

পিটারসেন তাকে গেইলের রেকর্ডের কথা মনে করিয়ে দিলে সূর্যবংশি বলেন, ‘হ্যাঁ, আমি তার রেকর্ড ভাঙতে চাই এবং দুইশ রান করতে চাই। আমি যদি কোনো ম্যাচে ২০ ওভার ব্যাট করতে পারি, তাহলে অবশ্যই রেকর্ডটা ভেঙে দেবো।’

এই শোতে কেভিন পিটারসেন ভারতীয় ওপেনিং ব্যাটারকে ৫০ বলে সেঞ্চুরি করার কঠিন চ্যালেঞ্জ দেন। কিন্তু সবাইকে বিস্মিত করে সূর্যবংশি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং চার-ছক্কার ঝড়ে মাত্র ২৫ বলেই শতক পূর্ণ করে দেন।

আগামীকাল এলিমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে সূর্যবংশির সুযোগ নিজের ইচ্ছা পূরণ করার। শেষ পর্যন্ত তিনি পারেন কিনা, সেটাই দেখার অপেক্ষায়  সবাই।

আইএন