পবিত্র ঈদুল আজহা ও আদালতের দীর্ঘ অবকাশকালীন ছুটিকে সামনে রেখে ঢাকার ফৌজদারি মামলাগুলোর ধার্য তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বিচারিক কার্যক্রমে বিঘ্ন এড়াতে কয়েকটি তারিখের মামলার শুনানি ও কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি এবং ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটি চলবে। এ সময় বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে জনস্বার্থ বিবেচনায় কিছু মামলার তারিখ এগিয়ে আনা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬, ১৭, ১৮ ও ২১ জুন ধার্য থাকা ফৌজদারি মামলাগুলোর কার্যক্রম আগামী আজ শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হবে। এছাড়া ২২, ২৩, ২৪ ও ২৫ জুন ধার্য মামলাগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল রোববার (২৪ মে)।
সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং দীর্ঘ ছুটির আগে মামলাগুলোর কার্যক্রম সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমডিএএ/কেএইচকে

