Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeঢাকা দক্ষিণ সিটিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

ঢাকা দক্ষিণ সিটিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের এই ঘোষণা অনুযায়ী, আগামী ৯ মে সিটি করপোরেশন এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দিনটি উদ্‌যাপিত হবে।

সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলনকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও বেগবান করতে ডিএসসিসির নেতৃত্বে সব সরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও সাধারণ নাগরিকরা একযোগে এই কর্মসূচি পালন করবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ সিটি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদরাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলোতে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হবে।

ঢাকা দক্ষিণ সিটিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

এছাড়া, সভায় ডিএসসিসির মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি ও কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না।’

তিনি উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ইসলামিক ফাউন্ডেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ রেলওয়ে, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), শিক্ষা অধিদপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএমএ/একিউএফ