প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো ভোগান্তি না থাকায় স্বস্তিতে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।
সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে এমন চিত্র দেখা যায়। এর আগে সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যানবাহন ও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
যাত্রীরা দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে চড়ে যাচ্ছেন তাদের গন্তব্যে। ফলে রাজবাড়ীর সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ বেশি।
এদিকে যানবাহনে ভাড়া একটু বেশি নেওয়ার অভিযোগ থাকলেও সড়কে কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল থেকে দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় কোনো ভোগান্তি নেই। যাত্রীরা এসে সরাসরি তাদের গন্তব্যে যাচ্ছে। এছাড়া ঢাকামুখী যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে ফেরিতে উঠতে চালক ও যাত্রীদের সতর্ক করা হচ্ছে। ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রীনাথ সাহা বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটসহ নৌপথে নিরাপত্তা এবং যাত্রী ও চালকদের সচেতন করতে কাজ করছেন।
রুবেলুর রহমান/এনএইচআর/এএসএম

