Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeনবীজির (সা.) জন্য খেজুর গাছের কান্না

নবীজির (সা.) জন্য খেজুর গাছের কান্না

নবীজি (সা.) মদিনায় হিজরতের পর যখন জুমার বিধান নাজিল হয় এবং নিয়মিত জুমা আদায় করা শুরু হয়, তখন প্রথমদিকে নবীজি (সা.) একটি খেজুর গাছের কাণ্ডে ভর করে দাঁড়িয়ে খুতবা দিতেন।

পরবর্তীতে নবীজির (সা.) জুমার খুতবা দেওয়ার জন্য একটি মিম্বর তৈরি করা হয়। মিম্বর তৈরি হওয়ার পর প্রথম জুমায় নবীজি (সা.) যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করেন, তখন ওই খেজুর গাছের কাণ্ডটিকে কাঁদতে শোনা যায়। তখন নবীজি (সা.) কাণ্ডটিকে জড়িয়ে ধরে শান্ত করেন। এটি ছিল নবীজির (সা.) একটি মুজিজা

এই ঘটনা সম্পর্কে জাবের (রা.) বলেন, একটি খেজুর গাছের কাণ্ড বা খুঁটি ছিল মিম্বর তৈরি হওয়ার আগে নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খুতবা দেওয়ার সময় তাতে ভর দিয়ে দাঁড়াতেন। তারপর যখন কাঠের মিম্বর তৈরি করে রাখা হলো এবং নবীজি (সা.) খুতবা দিতে মিম্বরে দাঁড়ালেন, তখন আমরা ওই কাণ্ডটি থেকে দশ মাসের অন্তঃসত্ত্বা উষ্ট্রীর কান্নার মতো শব্দ শুনতে পেলাম। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিম্বর থেকে নেমে নিজের হাত ওই কাণ্ডটির ওপর রাখলে সেটি শান্ত হলো।

অন্য এক বর্ণনায় এসেছে, জুমার দিন নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মিম্বরের ওপর বসলেন, তখন খেজুরের যে কাণ্ডটির পাশে তিনি খুতবা দিতেন, তা এমন চিৎকার করে কেঁদে উঠল যেন তা ফেটে পড়বে। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিম্বর থেকে নেমে কাণ্ডটিকে জড়িয়ে ধরলেন। তখন কাণ্ডটি আদর করে চুপ করানো হচ্ছে এমন শিশুর মতো কাঁদতে লাগলো। তারপর এক পর্যায়ে কাণ্ডটি শান্ত হলো। (সহিহ বুখারি: ৯১৮, ২০৯৫)

নবীজির (সা.) মিম্বর যেভাবে তৈরি হয়েছিল

নবীজির (সা.) মিম্বর তৈরির ঘটনা দুইভাবে বর্ণিত হয়েছে। একটি বর্ণনায় এসেছে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিম্বর তৈরির জন্য এক আনসারি নারী সাহাবিকে বলে পাঠান যে, আপনি আপনার কাঠমিস্ত্রি গোলামটিকে একটু অবসর দেবেন যেন সে আমার জন্য একটি মিম্বর তৈরি করে দিতে পারে। আমি ওই মিম্বরে বসে মানুষকে ওয়াজ নসিহত করব। তারপর ওই গোলামটি তিন সিঁড়িবিশিষ্ট একটি মিম্বর বানায় এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশে সেটি মসজিদের যথাস্থানে রাখা হয়। মিম্বরটি তৈরি হয়েছিল গাবা (মদিনার নয় মাইল দূরে অবস্থিত মালভূমির নাম) অঞ্চলের ঝাউগাছের কাঠ দিয়ে। (সহিহ মুসলিম: ১০৯৯)

আরেকটি বর্ণনায় এসেছে, আনসারী নারী সাহাবি নিজেই নবীজির (সা.) কাছে এসে বলেছিলেন, তিনি নবীজির (সা.) জন্য কাঠের কিছু তৈরি করে দিতে চান। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, এক নারী নবীজির (সা.) কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল! আমি কি আপনার বসার জন্য কিছু তৈরি করে দেব? আমার একজন কাঠমিস্ত্রী গোলাম আছে। নবীজি (সা.) বললেন, ঠিক আছে, যদি আপনার ইচ্ছা হয় তাহলে তৈরি করিয়ে দিতে পারেন। তারপর ওই নারী সাহাবি একটি মিম্বর তৈরী করিয়ে দিলেন।  (সহিহ বুখারি: ৩০৫)

এই দুটি বর্ণনা সমন্বয় করে বোঝা যায়, প্রথম ওই আনসারী নারী সাহাবি নিজেই নবীজির (সা.) কাছে এসে বলেছিলেন, তার একজন কাঠমিস্ত্রি দাস আছে, তিনি নবীজিকে (সা.) কাঠের কিছু তৈরি করে দিতে চান। পরে নবীজি (সা.) তাকে মিম্বর তৈরি করে দিতে বলেছিলেন। এভাবে ইসলামের ইতিহাসের প্রথম মিম্বরটি তৈরি হয়েছিল।

ওএফএফ