লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার কিংবা কিলিয়ান এমবাপের পর বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ধরা হয় বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে। কেউ কেউ তার মধ্যে মেসির ছায়া দেখতে পান। এবারের বিশ্বকাপটা ১৯ বছর বয়সী ইয়ামালের নিজেকে মেলে ধরার এবং প্রমাণ করার বিশ্বকাপ।
কিন্তু আমেরিকা, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপটা কী তবে ইয়ামালের জন্য দুঃস্বপ্নের এক বিশ্বকাপ হতে যাচ্ছে? কিছুদিন আগে যে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি, তাতে করে পুরো বিশ্বকাপ থেকেই তার ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও কিছু বলা যাচ্ছে না। স্প্যানিশ কর্তৃপক্ষ, আশাবাদী ইয়ামাল সঠিক সময়েই সেরে উঠবেন এবং বিশ্বকাপে খেলতে পারবেন।
গত এপ্রিলে ইনজুরিতে পড়েন ইয়ামাল। ২২ এপ্রিল সেলটা ভিগোর বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ইয়ামাল। এরপর তাকে বিশ্বকাপ দলে রাখা হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। যদিও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৬ সদস্যের স্কোয়াডে রেখেছেন ইয়ামালকে।
ইয়ামাল নিজে জানিয়েছেন, এপ্রিলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর তিনি ভয় পেয়েছিলেন ২০২৬ বিশ্বকাপ মিস করতে পারেন।’ আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইয়ামালকে পাওয়ার ব্যাপারে এখন আশাবাদী স্পেন শিবির।
তবে ইনজুরির সময় পরিস্থিতি একেবারেই অনিশ্চিত ছিল। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘এর আগে কখনো এমন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়িনি। তবে বুঝতে পেরেছিলাম এটি দ্রুত সেরে ওঠার মতো কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম বিষয়টি গুরুতর হতে পারে অথবা আবারও সমস্যা দেখা দিতে পারে, আর তাতে হয়তো বিশ্বকাপটাই মিস করব।’
সেল্তা ভিগোর বিপক্ষে বার্সেলোনার হয়ে পেনাল্টি থেকে গোল করার পর মাঠে পড়ে যান ইয়ামাল। পরে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানান, পেনাল্টির আগের মুহূর্তে ফাউলের শিকার হওয়ার সময়ই ইনজুরিতে পড়েন এই তরুণ ফুটবলার।

ইয়ামাল সেই মুহূর্তের কথা স্মরণ করে বলেন, ‘আমি এখনো সেই মুহূর্তটা মনে করতে পারি যখন চোট পেয়েছিলাম। ভেতরে ভেতরে প্রার্থনা করছিলাম যেন বিষয়টি গুরুতর না হয়, যেন এটা কেবল ক্র্যাম্প হয় বা ছোটখাটো কিছু হয়। কারণ আমি জানতাম বিশ্বকাপ খুব কাছেই।’
ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে মৌসুমের বাকি অংশে আর খেলতে পারেননি ইয়ামাল। এমনকি ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেও ছিলেন না, যে ম্যাচ জিতে লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সা।
তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আশাবাদী, গ্রুপ এইচে ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন ইয়ামাল।
ইয়ামালের ফিটনেস নিয়ে মুন্দো দেপোর্তিভোকে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা জানতাম লামিনে একদম ভালো অবস্থাতেই ফিরবে। আমি ঝুঁকি নিয়েই বলতে পারি, প্রথম ম্যাচের জন্যও সে প্রস্তুত থাকবে।’
তিনি আরও বলেন, ‘এখন সে আমাদের সঙ্গে আছে, তাই তার পুনর্বাসন কিভাবে এগোয় সেটি আমরা দেখব। এর আগে ক্লাবের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ ছিল।’
এটাই হবে স্পেনের সিনিয়র দলের হয়ে ইয়ামালের প্রথম বিশ্বকাপ। এর আগে দুই বছর আগে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়ামাল বলেন, ‘অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। ইউরো শেষ হওয়ার পর থেকেই আমরা সবাই এই দিনের অপেক্ষায় ছিলাম। সবাই খুব রোমাঞ্চিত।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে যাচ্ছি। বিশ্বকাপ জিততে নিজেদের সর্বোচ্চটা দেব।’
গ্রুপ এইচে কেপ ভার্দের পাশাপাশি স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার আ কোরুনিয়ায় ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এরপর শুক্রবার তারা যুক্তরাষ্ট্রে উড়াল দেবে। টুর্নামেন্ট শুরুর আগে আগামী সোমবার মেক্সিকোয় পেরুর বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
আইএইচএস/

