বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে দীর্ঘদিনের বন্ধু তোফায়েল আহমেদের স্মৃতিচারণ করেন তিনি।
স্ট্যাটাসে সোহেল রানা লেখেন, ‘না ফেরার দেশে চলে গেলেন বন্ধু বর তোফায়েল আহমেদ। সুদীর্ঘ ৬টি বছর ইকবাল হলে কেটেছে পাশাপাশি দুটি রুমে। সুখ-দুঃখ, হাসি-কান্নার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তোফায়েলকে নিয়ে।’
তিনি আরও লেখেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক, তোফায়েল সিরাজ ভাইয়ের প্রিয় তোফায়েল, বঙ্গবন্ধুর প্রিয় তোফায়েল, ইকবাল হলের আমার অন্যতম প্রিয় বন্ধু তোফায়েল শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেল। ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।’
বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে সোহেল রানা লেখেন, ‘আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন।’
সোহেল রানার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই শোক প্রকাশ করেছেন। অনেকে দুই বন্ধুর দীর্ঘদিনের সম্পর্ক এবং বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতির কথাও স্মরণ করছেন।
বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এলআইএ

