বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারোমাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারকাজ শুরু করেন।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে পৌঁছানোর পর দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় জানা সম্ভব হবে।
এলবি/এসআর/এমএস

