রাজধানীর রামপুরা বনশ্রীতে একটি মাদরাসায় এক শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মো. শিহাব হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ মে) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার (২৬ মে) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এর আগে গত ১৯ মে রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে শিহাবকে গ্রেফতার করা হয়। পরে ২১ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ মে রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে অবস্থিত ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে ১০ বছর বয়সী শিশু মো. আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লাশের সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আব্দুল্লাহর মা টুকু আরা খাতুন বাদী হয়ে ২০ মে রামপুরা থানায় শিহাব হোসেনের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
এমডিএএ/এমআরএম

