দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপ যেসকল তরুণ তারকাদের ওপর বেশি নজর, তাদের একজন লামিনে ইয়ামাল। বেশ কিছুদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি।
এবার যা জানা গেল, তা মন খারাপ হওয়ার মতো খবর স্পেনের ফুটবল ভক্ত ও সমর্থকদের জন্য। এখনও চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না ইয়ামাল বলে ধারণা করা হচ্ছে।
গতকাল সোমবার এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিক।
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে সেই ম্যাচে ইয়ামালের খেলা অনিশ্চিত।
ইয়ামালের বার্সেলোনা সতীর্থ ফেরমিন লোপেজ আরও বড় দুঃসংবাদ পেয়েছেন। ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করতে হবে তাকে। ফলে স্পেনের পুরো বিশ্বকাপ অভিযান থেকেই তিনি কার্যত ছিটকে গেছেন।
রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই চোট পান ফারমিন।
গত ২২ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। এরপর থেকেই তিনি বার্সেলোনার বাকি মৌসুম থেকে ছিটকে যান।
১৮ বছর বয়সী ইয়ামালকে বিশ্বকাপের জন্য ফিট হওয়ার আশা করা হলেও ২১ জুন আটলান্টায় সৌদি আরবেরর বিপক্ষে দ্বিতীয় গ্রুপ ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে।
স্পেন তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের বিপক্ষে।
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে দুই নম্বরে থাকা স্পেন আগামী সোমবার তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে।
আইএন

