ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) দিনগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের সবার বাড়ি যশোর অঞ্চলে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ ছয় যাত্রীর মধ্যে দুই পুরুষ ও দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আরও তিনজন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. তানসিভ জুবায়ের নাদিম জাগো নিউজকে বলেন, চার জনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত তিন জনের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনাটি ফরিদপুরে ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখছেন।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরে যাচ্ছিল। পথে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় গাড়িটি।
তিনি আরও বলেন, প্রাইভেটকারে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় চালকসহ দুই পুরুষ ও দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া একটি শিশুসহ আরও তিনজন আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এমএএইচ/

