মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে ভিজিএফের চালের পরিবর্তে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ মে) ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীরা অভিযোগ করেন, প্রায় ২০০ মানুষের নামে ভিজিএফের স্লিপ থাকলেও তাদেরকে সরকারি চাল দেওয়া হয়নি। পরে প্যানেল চেয়ারম্যান প্রত্যেককে ৩০০ করে টাকা দেন।
উপকারভোগীদের দাবি, তারা চালের পরিবর্তে নগদ টাকা নিতে রাজি ছিলেন না। কিন্তু তাদের ওপর চাপ প্রয়োগ করে টাকা নিতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, ‘সরকারের প্রতিটি বস্তায় চাল কিছুটা কম ছিল। তাই শেষ পর্যায়ে কয়েকজনের চাল কম পড়েছে। যারা চাল পাননি তাদের চালের পরিবর্তে ৩০০ টাকা দিয়েছি।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি বলেন, ‘ভিজিএফ চালের কার্ডধারীদের ১০ কেজি করে চাল দিতে হবে। চালের পরিবর্তে টাকা দেওয়ার বিধান নেই। বাবুখালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান চালের পরিবর্তে টাকা দিয়েছেন। বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এমএস

