তামিলাগা ভেট্রি কাজাগাম-টিভিকে নেতা ও অভিনয়শিল্পী থালাপতি বিজয় তার জয়ের পর শুভকামনা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস এমপি রাহুল গান্ধীকে ধন্যবাদ দিয়েছেন। তামিলনাড়ুর এবারের নির্বাচনে থালাপতির দল জয়লাভ করায় বহু বছরের দুই রাজনৈতিক দলনির্ভরতার বাইরে গিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন হিসাবে নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন অনেকেই।
মজার ব্যাপার হচ্ছে, নির্বাচনের আগে মাদুরাইয়ে এক বিশাল জনসভায় দেওয়া বিজয়ের বক্তব্যে উঠে আসে এমন কিছু মন্তব্য, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সে সময় মোদীকে উদ্দেশ্য করে থালাপতি বিজয় বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে।
ওই সময় বিজয় আরও বলেন, আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারও সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিজয় লেখেন, শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মানুষের ভালো চাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। রাজনীতির ঊর্ধ্বে আমরা তামিলনাড়ুর উন্নয়ন ও রাজ্যের জনগণের কল্যাণে মনোনিবেশ করবো। এক্ষেত্রে আমরা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা কামনা করি।
নির্বাচনে জয়ের পর থালাপতি বিজয়ের সঙ্গে ফোনালাপে তাকে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক্স-এ দেওয়া আরেকটি পোস্টে সাবেক এই তামিল অভিনেতা লেখেন, লোকসভার মাননীয় বিরোধীদলীয় নেতাকে ফোনকল ও শুভকামনা জানানোর জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা জনকল্যাণে নিয়োজিত থাকবো এবং আমাদের রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় কাজ করবো যেটাতে যৌথ প্রচেষ্টার দরকার।
এবারের নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। তবে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন পায়নি কোনো দলই। এতে করে সেখানকার রাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা ও তীব্র দর কষাকষির আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি
এএমএ

