ফেডারেশন কাপের ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডানের সামনে আরেকটি ফাইনালের হাতছানি। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফিকেশন ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
এই জয়ে মোহামেডান উঠে গেলো তৃতীয় কোয়ালিফিকেশন ম্যাচে। প্রথম ম্যাচের পরাজিত দল ব্রাদার্সের কিপক্ষে খেলতে হবে সাদাকালোদের। জিতলে উঠবে ফাইনালে।
মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল ২০২৩ সালে। কুমিল্লায় হওয়া ঘটনাবহুল সেই ফাইনালে মোহামেডান ট্রাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর জিতেছিল ফেডারেশন কাপের শিরোপা।
কুমিল্লায় মোহামেডান সহজেই ম্যাচটি বের করে নেয় পুরনো ঢাকার দলটির বিপক্ষে। জোড়া গোল করেছেন মো. জুয়েল মিয়া। ২৮ মিনিটে জুয়েল মিয়ার দেওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সাবেক চ্যাম্পিয়নরা।
৫৩ মিনিটে জুয়েল মিয়া দ্বিতীয় গোল করলে জয় দেখতে শুরু করে আবদুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা। ৭৬ মিনিটে সৌরভ দেওয়ান তৃতীয় গোল করলে মোহামেডানের জয় হয়ে পড়ে সময়ের ব্যপার।
বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান শিরোপা ধরে রাখার দৌড়ে পথ হারিয়েছে অনেক আগেই। কোচ আলফাজ আহমেদকে সরিয়ে সেন্টুকে দায়িত্ব দেওয়ার পর দুই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে পেছনেই পড়ে রয়েছে তারা। এখন ফেডারেশন কাপই সাদাকালো সমর্থকদের আশার কেন্দ্র। এই টুর্নামেন্টে সফল হতে না পারলে মৌসুমটা ব্যর্থতায়ই ভরে থাকবে মতিঝিল পাড়ার ক্লাবটির।
আরআই/এমএমআর

