শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।
আগামী শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।এর মধ্যে ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর টিঅ্যান্ডটি স্কুল মাঠে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ঢাকা মহানগর বিএনপির নেতা এবং স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।
এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগেও প্রতিবছরের মতো এবারও পৃথকভাবে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আয়োজকরা জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
সভায় আগামী ৩০ মে অনুষ্ঠেয় কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৃথক খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কর্মসূচিতে দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে পারেন তারেক রহমান।
কেএইচ/এমএএইচ/

