Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করলো এনবিআর

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারকচক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত...
Homeসর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা সময়ের দাবি

সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা সময়ের দাবি

শিক্ষা ব্যবস্থা নিয়ে জাগো নিউজে কয়েকবার লিখেছি। আজ আবারো লিখতে হচ্ছে রাজধানীর প্রাথমিক শিক্ষার দুরবস্থা নিয়ে। কয়েক যুগ ধরেই লেখালিখি হচ্ছে যে, রাজধানীতে যে হারে শিক্ষার্থী বাড়ছে সেই তুলনায় বাড়ছেনা সরকারি প্রাথমিক স্কুল। যার নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখিন হয়েছি আমরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা জেলায় মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার ২৭১, যা দেশের সব জেলার মধ্যে সর্বোচ্চ। এসব শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে মাত্র ২ লাখ ২৬ হাজার ৯৭৫ জন। বাকি ১০ লাখ ৯৮ হাজার ২৯৬ শিক্ষার্থীকে নির্ভর করতে হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর। অর্থাৎ ঢাকায় প্রাথমিক স্তরের ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থীই পড়ছে বেসরকারি প্রতিষ্ঠানে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের এক চাকরিজীবী সাংবাদিকদের বলেছেন, ‘কাছাকাছি কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। আশপাশে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর বেশির ভাগই কিন্ডারগার্টেন বা মাদরাসা। এছাড়া একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ও আছে। তবে সেখানে খরচ অনেক বেশি। কিন্ডারগার্টেনে পড়াতে মাসে প্রায় ৩ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। সে তুলনায় মাদরাসায় ব্যয় কম। বাসা থেকে দূরত্ব ও খরচের বিষয়টি বিবেচনা করেই সন্তানকে মাদরাসায় ভর্তি করিয়েছি।’

একটি জাতীয় দৈনিকে রাজধানীর প্রাথমিক শিক্ষার যে চিত্র উঠে এসেছে তা যেকোনো সচেতন নাগরিককে চিন্তিত করবে। ঢাকরি মোহাম্মদপুর শতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র একটি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বড় অংশই আবার মাদরাসা। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জামিআ রাহমানিয়া আরাবিয়া মাদরাসা, মোহাম্মদপুর হাউজিংয়ে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদরাসা, চাঁদ উদ্যানের জামিয়া আরাবিয়া দারুল উলূম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, ফয়জুল উলূম মহিলা মাদরাসা, ঢাকা উদ্যানের দারুল হিকমাহ্ নূরানী মাদরাসা, সৌতূলহেরা মাদরাসাহ, আল-কারীম দারুল উলূম মাদরাসা কমপ্লেক্স, তাহফিজুল কোরআন কারিমিয়া মাদরাসা। মাদরাসাগুলোর বেশির ভাগই আবাসিক ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়েও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

একই চিত্র ঢাকার যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১১ এলাকায়। শেওড়াপাড়া এলাকায় একটি আবাসিক ভবন ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে মোহাম্মাদিয়া জামে মসজিদ নেসার মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে আরো দুটি মাদরাসা। শেওড়াপাড়া-কাজীপাড়া এলাকায়ও অর্ধশতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার বড় অংশ মাদরাসা। এ এলাকায় নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শেওড়াপাড়া এলাকার বাসিন্দা পেশায় সবজি বিক্রেতা সাব্বির আহমেদ সাংবাদিকদের বলে, ‘কিন্ডারগার্টেনে পড়ানোর সামর্থ্য নেই, সরকারি বিদ্যালয়ও বেশ দূরে। মাদরাসায় কম খরচে ধর্মীয় শিক্ষা, সাধারণ শিক্ষা দুটোই মিলছে। এ কারণেই দুই সন্তানকেই কাছাকাছি মাদরাসায় পড়াচ্ছি।’

কিন্ডারগার্টেনগুলো তুলনামূলক ব্যয়বহুল। অন্যদিকে মাদরাসাগুলোর মধ্যে নিম্নব্যয় থেকে উচ্চব্যয় সব ধরনের প্রতিষ্ঠানই রয়েছে। তবে এমন অনেক প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারের উচিত সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে এলাকাভিত্তিক জনসংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ও বাজেট বৃদ্ধি করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া। এই কাজটিতে অনেক দেরি হয়ে গেছে। তাই আর বিলম্ব নয়।

আমরা সবাই জানি, ঢাকায় বিপুল জনসংখ্যার বিপরীতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অপ্রতুল। পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকির ঘাটতি রয়েছে। ফলে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না করেই বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে।

সারা দেশেই মাদরাসার সংখ্যা বৃদ্ধির বিষয়টি আমরা লক্ষ্য করেছি। ঢাকার ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বল্পতা, বেসরকারি বিদ্যালয়ের উচ্চ ব্যয় ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা—সব মিলিয়েই এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। বর্তমানে মাদরাসা শিক্ষায় নিম্নবিত্তদের সামর্থ্যের মধ্যে যেমন প্রতিষ্ঠান আছে আবার বিত্তবানদের জন্যও তাদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান আছে। স্বল্পব্যয়ে সন্তানকে শিক্ষাদানে ঢাকার ভাসমান বা শ্রমজীবী দরিদ্র যেসব পরিবার আছে তারা যেমন মাদরাসা বেছে নিচ্ছেন, তেমনি উচ্চবিত্তরা বেছে নিচ্ছেন ব্যয়বহুল ইংরেজি মাধ্যম বা কিন্ডারগার্টেন মাদরাসা।

এছাড়া বিগত কয়েক বছরে দেশে কারিকুলামে বারবার পরিবর্তনও অভিভাবকদের একাংশকে সাধারণ শিক্ষা থেকে বিমুখ করে তুলেছেন। বর্তমানে অভিভাবকদের অনেকেই এমন শিক্ষাপ্রতিষ্ঠান চাচ্ছেন, যেখানে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটোই মিলবে। মাদরাসাগুলো অভিভাবকদের এ চাহিদার কথা বিবেচনা করে তাদের পাঠ্যক্রম সাজাচ্ছে। তবে অনেক প্রতিষ্ঠানেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।

অবৈতনিক সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব সঠিকভাবে পালনে যে ধরনের উদ্যোগ প্রয়োজন তাতে ঘাটতি রয়েছে। ঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কম এটি যেমন একটি সমস্যা, তেমনি বিদ্যমান অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধারও ঘাটতি রয়েছে। ফলে অনেক অভিভাবক সন্তানদের সেখানে পড়াতে আগ্রহী হন না। কোনো ধরনের অনুমোদন ছাড়াই কিন্ডারগার্টেন-মাদরাসা প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে। ঢাকায়ও সেটিই ঘটছে।

কিন্ডারগার্টেনগুলো তুলনামূলক ব্যয়বহুল। অন্যদিকে মাদরাসাগুলোর মধ্যে নিম্নব্যয় থেকে উচ্চব্যয় সব ধরনের প্রতিষ্ঠানই রয়েছে। তবে এমন অনেক প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারের উচিত সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে এলাকাভিত্তিক জনসংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ও বাজেট বৃদ্ধি করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া। এই কাজটিতে অনেক দেরি হয়ে গেছে। তাই আর বিলম্ব নয়।

লেখক : সাংবাদিক।

এইচআর/এমএস