জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সারজিস বলেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রপ্রার্থী দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত ও সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা তারিখটি পিছিয়ে নিয়েছি।আশা করছি আগামী ১০ মে’র মধ্যে এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো।
তিনি আরও বলেন, এছাড়া এ মাসের মধ্যেই সাতটি সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করবো। এখন আমরা ১১ দলীয় জোটে আছি। বিরোধীদল হিসেবে রাজনীতি করছি। সংসদে ভূমিকা পালন করছি। কিন্তু একই সঙ্গে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াতে কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করবো।
সারজিস বলেন, বিএনপির পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা এরই মধ্যে জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক বসিয়েছে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে তার পদে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাসীনদের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার পাঁয়তারা শুরু করেছে। শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এ ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান করব সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে।
এনএস/এমআইএইচএস

