বলিউড অভিনেতা অনিল কাপুর ও তার স্ত্রী সুনীতা কাপুর পার করলেন দাম্পত্য জীবনের ৪২ বছর। বিশেষ এই দিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনিল জানান, তাদের বিয়েতে ছিল না কোনো জাঁকজমক আয়োজন। মাত্র ৩০ মিনিটেই সম্পন্ন হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। এমনকি বিয়ের পর মধুচন্দ্রিমাতেও যাননি তারা।
অভিনেতার ভাষায়, ‘কে ভেবেছিল মাত্র ৩০ মিনিটের বিয়ে ৪২ বছরের দাম্পত্যজীবনে রূপ নেবে!’
অনিল আরও জানান, জীবনের প্রতিটি সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান সুনীতার। তিনি বলেন, ‘তোমার কারণেই জীবনে ঝুঁকি নিতে পেরেছি, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পেরেছি। কারণ আমি জানতাম, তুমি সবকিছু সামলে রাখবে।’
জানা যায়, অনিল যখন বলিউডে নিজের জায়গা তৈরি করার লড়াই করছিলেন, তখন সুনীতা ছিলেন জনপ্রিয় মডেল। বন্ধুর কাছ থেকে সুনীতার ফোন নম্বর সংগ্রহ করার পর তাদের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম।
প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর ১৯৮৪ সালের ১৯ মে বিয়ে করেন তারা। বিয়ের পর অনিলের স্টাইলিং ও পোশাক নির্বাচনের দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন সুনীতা। সংসারের দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কমিয়ে আনেন নিজের মডেলিং ক্যারিয়ারও।
স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনিল বলেন, ‘জীবনের প্রতিটি ধাপে তুমি আমার পাশে ছিলে। কাজের জন্য যখন বাইরে থাকতাম, তখন আমার মায়ের মেয়ের মতো তার পাশে থেকেছ।’
আরও পড়ুন:
বাথরুমে লুকিয়ে রক্ষা পান ইমরান হাশমি
বিচ্ছেদ নিয়ে সরব সুরজ, ‘তৃতীয় ব্যক্তি’ তত্ত্ব উড়িয়ে দিলেন মৌনীর স্বামী
সবশেষে অভিনেতা জানান, সুনীতাকে ছাড়া তার জীবন কল্পনাই করা যায় না। তার ভাষায়, স্ত্রী শুধু জীবনসঙ্গী নন, তিনি তার সবচেয়ে বড় ভরসা ও সবচেয়ে কাছের বন্ধু।
এমএমএফ

