Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন...
Homeভারতের বিধানসভা নির্বাচনে চমক দেখাচ্ছেন যেসব তারকা

ভারতের বিধানসভা নির্বাচনে চমক দেখাচ্ছেন যেসব তারকা

ভারতের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যেন রাজনীতি আর বিনোদনের এক মিশেল। পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যে জনপ্রিয় তারকারা সরাসরি ভোটের মাঠে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বড় রাজনৈতিক দলগুলোও এই সুযোগে পরিচিত মুখদের প্রার্থী করে ভোটারদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বর্ষীয়ান রাজনীতিবিদদের পাশাপাশি তারকা প্রার্থীদের উপস্থিতি বাড়িয়েছে নির্বাচনী উত্তাপ। তৃণমূল কংগ্রেস ও বিজেপি- দুই শিবিরেই রয়েছে পরিচিত অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা। দুই দফায় ভোটগ্রহণ শেষে এখন সবার চোখ ফলাফলের দিকে।


শ্যামপুর আসনে বিজেপির প্রার্থী নায়ক হিরণ

এবারের নির্বাচনে ঘাটাল আসন থেকে আবারও লড়ছেন টলিউড সুপারস্টার দেব। অন্যদিকে চৌরঙ্গি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূলের হয়ে লড়ছেন ‘লাভলী মৈত্র’ খ্যাত অরুন্ধতী লাভলী মৈত্র।


বিজেপির হয়ে সোনারপুর দক্ষিণে লড়ছেন বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়

মানিকতলা আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে। অন্যদিকে বিজেপির হয়ে সোনারপুর দক্ষিণে লড়ছেন বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। শ্যামপুর আসনে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

তৃণমূলের হয়ে বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর শিবপুর আসনে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন রুদ্রনীল ঘোষ। টালিগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী পাপিয়া দে অধিকারী।

সংগীত অঙ্গন থেকেও রয়েছেন প্রার্থী। গোপালপুর-রাজারহাট আসনে তৃণমূলের হয়ে লড়ছেন কীর্তনশিল্পী অদিতি মুন্সী এবং চন্দননগরে প্রার্থী হয়েছেন সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন।

এদিকে তামিলনাড়ুতেও তারকাদের সরব উপস্থিতি নজর কাড়ছে। জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় নিজের দল গঠন করে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে তার দল।


থালাপতি বিজয়

ডিএমকে নেতা ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন তরুণ ভোটারদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে পরিচালক-অভিনেতা সীমান নিজ দল এনটিকে-র হয়ে নির্বাচনে লড়ছেন।

সব মিলিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং তারকাদের উপস্থিতিতে এটি হয়ে উঠেছে এক অভিনব ‘স্টার স্টাডেড’ প্রতিযোগিতা। সেখানে গ্ল্যামার আর গণতন্ত্র পাশাপাশি পথ চলেছে।

 

এলআইএ