রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির হার ব্যাপকভাবে কমেছে। এটিকে উদ্বেগজনক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। উপস্থিতি বাড়াতে প্রণোদনামূলক নম্বর ও অনুপস্থিত থাকলেই জরিমানার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ঘোষণা অনুযায়ী—গ্রহণযোগ্য কারণ ছাড়া একদিন অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা দিতে হবে।
বৃহস্পতিবার (৭ মে) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাক্রমে সম্পৃক্ত রাখা, পাঠাভ্যাস গড়ে তোলা ও শৃঙ্খলা বজায় রাখতে অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়ন (সিএ-৫) নম্বর দেওয়া হবে। ৯১-১০০ শতাংশ উপস্থিতির জন্য ৫ নম্বর, ৮১-৯০ শতাংশ উপস্থিতির জন্য ৪ নম্বর, ৭১-৮০ শতাংশ উপস্থিতির জন্য ৩ নম্বর, ৬১-৭০ শতাংশ উপস্থিতির জন্য ২ নম্বর এবং ৫১-৬০ শতাংশ উপস্থিতির জন্য ১ নম্বর দেওয়া হবে। আর ৫০ শতাংশের কম উপস্থিতি থাকলে কোনো নম্বর পাওয়া যাবে না।
এছাড়া অসুস্থতা বা অন্য কোনো যৌক্তিক কারণে অনুপস্থিত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকের সইযুক্ত আবেদনপত্র জমা দিতে হবে। অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকের সনদপত্রও দাখিল করতে হবে।
তবে গ্রহণযোগ্য কারণ ছাড়া অনুপস্থিত থাকলে প্রতিদিনের জন্য স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা হারে অনুপস্থিতি ফি দিতে হবে, যা বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শ্রেণিশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে পরিচালিত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গুরুত্বপূর্ণ নোটিশ জানানো হবে। অভিভাবকদের শুধু প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নূন বাতায়ন এবং শ্রেণি শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণগত উন্নয়নের জন্য শ্রেণিকক্ষে শিক্ষকদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। পাবলিক পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা এবং সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ একাডেমিক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এএএইচ/এমএমকে

