বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য…
মোজতবা খামেনির সঙ্গে সরাসরি বৈঠক করেছেন পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার একটি সরাসরি বৈঠক করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার নিয়ন্ত্রণ হারাচ্ছেন পুতিন?
ভ্লাদিমির পুতিন দেশকে এমন এক কানাগলিতে নিয়ে গেছেন, যেখান থেকে বের হওয়ার উপায় কারও জানা নেই—এমন উপলব্ধি ছড়িয়ে পড়েছে রাশিয়ায়। গত আড়াই দশকের মধ্যে এই প্রথম দেশটিতে অভিজাত শ্রেণি থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই পুতিন-পরবর্তী এক ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছেন।
দুর্নীতি মামলায় চীনে সাবেক দুই মন্ত্রীর মৃত্যুদণ্ড
চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এই রায়ে দেশটির সেনাবাহিনীতে চলমান কঠোর দুর্নীতি দমন অভিযানের তীব্রতা আবারও স্পষ্ট হয়েছে।
বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে এই জয়ের পেছনে ‘বিশেষ ভোটার তালিকা সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ার এক চাঞ্চল্যকর প্রভাব সামনে এসেছে। বিশ্লেষণে দেখা গেছে, বিজেপির জেতা বেশিরভাগ আসনেই দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বেশি।
ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে স্বচ্ছতা দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের
কংগ্রেসের একদল ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের মার্কিন নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন।
হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী
ফ্রান্সের রণতরী চার্লস দ্য গল সুয়েজ খালের দক্ষিণে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে পড়া হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের সম্ভাব্য প্রতিরক্ষামূলক মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ কি তাহলে গুজরাট বা উত্তর প্রদেশ মডেলে চলবে?
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে। মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ২০১৬ সালের বিধানসভায় কোনো আসন না পাওয়া দলটি ২০২৬ সালে এসে ২০০টির বেশি আসনে জয়লাভ করলো। বিজেপির নির্বাচনি প্রচারণার কেন্দ্রে ছিল হিন্দুত্ববাদ। অর্থাৎ সংখ্যালঘুদের বাদ দিয়ে হিন্দুদের একত্রিত করা। এই নীতি প্রয়োগ করে গুজরাট ও মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ ও আসামে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। যার নেতৃত্বে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মুখ্যমন্ত্রী হওয়া অনিশ্চিত, শপথ নিতে না পারলে কী করবেন বিজয়?
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়। তার দল ‘তামিলগা ভেট্টি কাঝাগাম’ (টিভিকে) সরকার গঠনের দাবি জানালেও তাতে সায় দেননি রাজ্যপাল আর ভি আরলেকর। উল্টো ১১৮ জন বিধায়কের সমর্থনের আনুষ্ঠানিক চিঠি চেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজয়ের দল।
ইরানে আবার হামলা শুরু করতে চায় ইসরায়েল, জানালো যুক্তরাষ্ট্রকে
ইরানে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) বরাতে এ খবর জানা গেছে।
এমএসএম

