বগুড়ার শিবগঞ্জে চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্রের বসতবাড়িতে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা চারপাশ থেকে ঘিরে ফেলে ওই ব্যক্তিকে আটক করে। এসময় উত্তেজিত গ্রামবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, চুরি করতে এলে গ্রামবাসীর গণপিটুনিতে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, আমরা পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। মরদেহ এখনো ঘটনাস্থলেই আছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এল.বি/কেএইচকে/জেআইএম

