চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। কারণ ভবিষ্যতে একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় নির্ধারণ করবে তার মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে চকবাজারের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিসিঞ্জার চাকমা।
মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যতই মেধাবী হও না কেন, সকালের নাস্তা ছাড়া স্কুলে এলে তোমাদের মস্তিষ্ক ঠিকভাবে পাঠ ধারণ করতে পারবে না।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, দুধ, কলাসহ সুষম খাদ্য রাখা প্রয়োজন। ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। রোগে আক্রান্ত হওয়ার আগেই সচেতন হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় তিনি করোনাকালীন স্বাস্থ্য সচেতনতার বিষয়ও স্মরণ করেন।
মেয়র আরও বলেন, সমাজে এক সময় এমন মানুষ ছিলেন যারা শিক্ষার্থীদের খোঁজখবর নিতেন, স্কুলে যাওয়া-আসার সময় তাদের পড়াশোনা ও খাবারের বিষয়ে জিজ্ঞাসা করতেন। বর্তমানে সেই সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাওয়ায় সমাজে অনৈতিকতা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের নৈতিক বিকাশে এগিয়ে আসার জন্য মেয়র অভিভাবক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের আহ্বান জানান।
নগর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, যত্রতত্র ময়লা ফেললে তা নালা-খাল ভরাট করে জলাবদ্ধতার সৃষ্টি করে। প্লাস্টিক বোতলে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয়, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ায়।
তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার এবং বাসা থেকেও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
চসিক মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খাল সংস্কার, নালা পরিষ্কার ও অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান। তবে নাগরিক সচেতনতা ছাড়া এসব উদ্যোগের সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়।
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ মেয়র হবে, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিজ্ঞানী বা নোবেলজয়ী হবে। তবে সবার আগে মানুষের মতো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এএমএ

