Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeচট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত 

চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত 

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাফিপং কালহান (৩০) নামের একজন নিহত হয়েছেন। তিনি থাইল্যান্ডের নাগরিক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাফিপং কালহান থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি কেপিপি-০১’ জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

জানা গেছে, ‘এমটি কেপিপি-০১’ জাহাজটি থাইল্যান্ডের ফুকেট বন্দর থেকে তেল নিয়ে গত ১১ মে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। পরে ১৭ মে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বর্তমানে জাহাজটি আনোয়ারা অংশের সমুদ্রের চার্লি অ্যাঙ্করেজ পয়েন্টে অবস্থান করছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাফিপং কালহান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিপিং এজেন্টের কর্মকর্তা মো. সোহেল উদ্দিন আহত নাবিককে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআরএএইচ/এমএমকে