Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeতিনবিঘা করিডোর সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের

তিনবিঘা করিডোর সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার (২২ মে) বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনবিঘা করিডোর সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০-এস এর কাছাকাছি শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভীম বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় তিন ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করেন। বিষয়টি বিজিবির নজরে এলে পানবাড়ি কোম্পানি কমান্ডার ১৭৪/ভীম বিএসএফ কোম্পানি কমান্ডারকে খুঁটি অপসারণের অনুরোধ জানান। তবে বিএসএফ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খুঁটি স্থাপন করা হচ্ছে এবং নির্দেশ ছাড়া তা সরানো সম্ভব নয়।

পরে ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ৫০-৬০ জন বিএসএফ সদস্য সেখানে অবস্থান নিয়ে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালালে দহগ্রাম বিওপির বিজিবি টহলদল বাধা দেয়। এসময় বিএসএফ সদস্যরা বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজিবি সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে দহগ্রাম, পানবাড়ি ও আঙ্গরপোতা এলাকায় টহল জোরদার করা হয়েছে। বর্তমানে বাঁশের খুঁটি স্থাপনের কাজ বন্ধ রয়েছে। তবে ভারতীয় সার্ভে দলের মাপজোখ কার্যক্রম কিছু সময় চলমান ছিল।

এর আগে ১৮ মে একই সীমান্তের ডিএএমপি ৬/১৬-এস পিলারের কাছে শূন্যরেখা থেকে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে ১৫টি বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যান।

বিজিবি জানায়, শুক্রবারের ঘটনার পর উভয় দেশের সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিযোগাযোগের মাধ্যমে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর বিএসএফ তাদের কার্যক্রম স্থগিত করে। তারা ঘটনাস্থল ত্যাগ করলে বিজিবিও স্বাভাবিক অবস্থানে ফিরে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর বিজিবি ব্যাটালিয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত নিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে ৫১ বিজিবি। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মহসীন ইসলাম শাওন/এসআর