Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যেভাবে ধনী হচ্ছেন আমেরিকার অনেক মানুষ

১৯৯৪ সালে গ্রেগ ফ্লিন যখন বিখ্যাত স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তখন আমেরিকায় ‘ডটকম’ বা ইন্টারনেট বিপ্লবের জয়জয়কার। তার সহপাঠীরা সবাই বড়...
Homeমিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২৪মে) বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৩ মে) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ইউসুফ হোসেন হুমায়ুনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার আদালতসহ) বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ হোসেন হুমায়ুন (৯০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা হয়। রোববার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে জানাজা শেষে বিকেল পৌনে ৪টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বারের সহকর্মী আইনজীবী নাজমুল হাসান রাকিব।

জানাজায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, নবনির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি গণ উপস্থিত ছিলেন। জানাজায় শত শত আইনজীবী অংশ নেন। জানাজার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০১৬-১৭) ছিলেন। জ্যেষ্ঠ এই আইনজীবী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর, ভোলায়। শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিবিদ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এফএইচ/ইএ