Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসমুদ্রপথে ইউরোপ যেতে গিয়ে অপহৃত, লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

সমুদ্রপথে ইউরোপ যেতে গিয়ে অপহৃত, লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু স্বপ্নভঙ্গ হয়ে অনেকেই লিবিয়ায় অপহরণ, নির্যাতন ও মানবেতর জীবনের শিকার হন। অবশেষে লিবিয়ার বেনগাজী থেকে ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।

সোমবার (২৫ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহযোগিতায় অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে লিবিয়ায় অবস্থানকালে অনেকে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

jagonews24সোমবার সকালে ১৭০ বাংলাদেশি দেশে ফেরেন/ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

জনসচেতনতা তৈরির লক্ষ্যে তাদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিতদের প্রত্যেককে ভ্রমণ খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেপিআই/এমকেআর