Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeসরে দাঁড়ালেন ৩ জন, নির্বাচিত ২ জন

সরে দাঁড়ালেন ৩ জন, নির্বাচিত ২ জন

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনের আগে প্রার্থী তালিকায় এসেছে পরিবর্তন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিন কাউন্সিলর। সোমবার নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। এতে জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে একজন এবং ক্লাব ক্যাটাগরিতে দুজন প্রার্থী কমে গেছে।

চট্টগ্রাম বিভাগের ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরিফুল ইসলাম অপু নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ওই বিভাগে আর ভোটের প্রয়োজন থাকছে না। ফলে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

অন্যদিকে ক্লাব ক্যাটাগরিতে প্রার্থীতা প্রত্যাহার করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুৎফর রহমান বাদল এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এই তিন বিভাগেই একজন করে বৈধ প্রার্থী থাকায় তারা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে ঢাকা বিভাগে তিনজন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে একজন বাদ পড়েন। ফলে বাকি দুই প্রার্থীও নির্বাচিত হয়ে গেছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন। ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

খুলনা বিভাগে দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। আর বরিশাল বিভাগে একটি পদের বিপরীতে লড়বেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি।

ক্যাটাগরি-৩ এ একমাত্র বৈধ প্রার্থী হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৬ জন কাউন্সিলর। আলোচিত প্রার্থীদের মধ্যে আছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস ও মোহাম্মদ আমজাদ হোসেন।

এসকেডি/আইএন