Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কাদাপানিতে মাখামাখি হাট, দরদামে মিলছে না ক্রেতা-বিক্রেতার

ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কিন্তু বৃষ্টির কারণে কাদাপানিতে মাখামাখি হাটে ক্রেতা ও বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে...
Homeটানা তিন বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী ফলেছে তার, এবার কাকে বলছেন চ্যাম্পিয়ন?

টানা তিন বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী ফলেছে তার, এবার কাকে বলছেন চ্যাম্পিয়ন?

২০১০ সালের ফিফা বিশ্বকাপে জার্মানির প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল ‘পল দ্য অক্টোপাস’। তবে এবার সেই জনপ্রিয় ভবিষ্যদ্বক্তাকেও ছাড়িয়ে গেছেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট।

জটিল পরিসংখ্যানভিত্তিক একটি মডেল ব্যবহার করে তিনি ২০১৪ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছেন। এবার তার মডেল বলছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস।

ক্লেমেন্টের পূর্বাভাস অনুযায়ী, নেদারল্যান্ডস শিরোপা জিততে পারলে এটি হবে তার টানা চতুর্থ সফল ভবিষ্যদ্বাণী। এর আগে তিনি সঠিকভাবে জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়, ফ্রান্সের ২০১৮ শিরোপা এবং আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের পূর্বাভাস দিয়েছিলেন।

তার মডেলে শুধু চ্যাম্পিয়ন নয়, পুরো ৪৮ দলের টুর্নামেন্টের সম্ভাব্য চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জাপান দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে হারিয়ে চমক দেখাবে। অর্থাৎ রাউন্ড অব ৩২ থেকে বিদায় হয়ে যাবে হেক্সার স্বপ্ন দেখা ব্রাজিলের। 

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পর্তুগালের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নেবে।

এছাড়া ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও শেষ পর্যন্ত পর্তুগালের কাছে হেরে যাবে বলে ধারণা করছে মডেলটি।

তার মতে, নেদারল্যান্ডস গ্রুপ পর্বে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার মোকাবিলা করবে। এরপর নকআউট পর্বে মরক্কো ও কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গে লড়বে। সেমিফাইনালে স্পেন এবং ফাইনালে পর্তুগালকে হারিয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে।

তবে ক্লেমেন্ট নিজেই এই পূর্বাভাসকে খুব বেশি গুরুত্ব দিতে নিষেধ করেছেন। তার মতে, ফুটবলে সাফল্যনির্ভর করে অনেক অনিশ্চিত বিষয়ের ওপর।

তিনি বলেন, ‘জনসংখ্যা, অর্থনীতি, আবহাওয়া কিংবা ফিফা র‌্যাঙ্কিংয়ের মতো বিষয় কিছুটা ধারণা দেয় ঠিকই, কিন্তু ম্যাচের অন্তত ৫০ শতাংশ নির্ভর করে ভাগ্যের ওপর।’

তার ভাষায়, ‘একটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত, খেলোয়াড়দের দিনের পারফরম্যান্স কিংবা বল পোস্টে লেগে বাইরে যাওয়া—এসব কিছুই আগে থেকে বলা অসম্ভব।’

বর্তমানে বিনিয়োগ ব্যাংক প্যানমিউর লিবারামের কৌশলবিদ হিসেবে কাজ করছেন ক্লেমেন্ট। বিশ্বকাপ ঘিরে তার পূর্বাভাস এখন সহকর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মজার ছলে তিনি বলেন, ‘আমার কয়েকজন সহকর্মী নেদারল্যান্ডসের পক্ষে বাজিও ধরেছে। যদি তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে, তাহলে হয়তো পরদিন আমাকে বাসা থেকে কাজ করতে হবে!’

সূত্র: বিবিসি

এমএমআর