ঈদুল আজহাকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়েছে কয়েকগুণ। তবে ছুটির মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথে গিয়ে কাঙ্ক্ষিত টাকা পাচ্ছেন না গ্রাহকরা। কোথাও বুথে টাকা নেই, কোথাও আবার অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা তোলা যাচ্ছে না। এতে এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর মিরপুর, পল্লবী, আগারগাঁও ও পূরবী এলাকার বিভিন্ন এটিএম বুথ ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনেক বুথে ‘আউট অব সার্ভিস’ নোটিশ ঝুলতে দেখা যায়। আবার কিছু বুথ চালু থাকলেও সীমিত পরিমাণ টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।
পূরবীর ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে রাত ৮টার দিকে টাকা তুলতে গিয়ে ফিরে যান কয়েকজন গ্রাহক। বুথের নিরাপত্তাকর্মী বলেন, ঢুকে লাভ নেই, টাকা নেই।
একই এলাকায় উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়ার কয়েকটি বুথেও গ্রাহকদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়। পূরবীর এমটিবি ব্যাংকের নিচে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মতিন বলেন, বুথে কোনো টাকা নেই। কেউ টাকা তুলতে পারছে না।
বর্ধিত পল্লবীতে ব্র্যাক ব্যাংকের বুথে টাকা তুলতে আসা সাদিয়া ইসলাম বলেন, কোথাও টাকা নেই। ঈদের আগে এমন ভোগান্তিতে আগে পড়িনি।
আরও পড়ুন
শেষ সময়েও ক্রেতার খরা মিরপুরের মার্কেটগুলোতে
ঈদে পোশাক বিক্রিতে ভাটা, মূল্যছাড় দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা
ডাচ্-বাংলা ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কয়েকটি বুথের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। অন্যদিকে ইসলামী ব্যাংকসহ কয়েকটি বুথ বন্ধ পাওয়া যায়।
সালাউদ্দিন নামের এক গ্রাহক জাগো নিউজকে বলেন, আজ অন্তত ৮-১০টা বুথ ঘুরলাম। কোথাও টাকা নেই, কোথাও ত্রুটি দেখাচ্ছে। আবার এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের বুথ থেকেও টাকা তোলা যাচ্ছে না।
মিরপুর-১১ নম্বরে মাইদুল নামে এক গ্রাহক জানান, তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বুথ থেকে ৫০ হাজার টাকা তুলতে চেয়েছিলেন। তবে ২৮ হাজার টাকার বেশি তুলতে পারেননি।
এক নারী গ্রাহক বলেন, এক লাখ টাকা তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু কমান্ড দেওয়ার পর থেকেই মেশিনে ত্রুটি দেখায়।
ডাচ্-বাংলা ব্যাংকের এক গ্রাহক অভিযোগ করেন, অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে ৫ হাজার টাকার বেশি তোলা যাচ্ছে না। একই অভিযোগ পাওয়া গেছে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) কিছু বুথ নিয়েও।

আগারগাঁওয়ের আইডিবি ভবনের পাশের ডাচ্-বাংলা ব্যাংকের বুথে গিয়ে দেখা যায়, সেখানে কোনো টাকা নেই। গ্রাহকরা টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন।
কোরবানির ঈদের আগে সাধারণত বাজারে নগদ টাকার চাহিদা বেড়ে যায়। পশু কেনাবেচাসহ বিভিন্ন খরচ মেটাতে মানুষ ব্যাংক থেকে বেশি পরিমাণ টাকা উত্তোলন করেন। ফলে ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত হিসাব থেকে অতিরিক্ত নগদ অর্থ তুলে থাকে।
এই সময়ে দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে অনেকেই এটিএম বুথের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে এবার ঈদের আগে অনেক ব্যাংক অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা তোলার সীমা কমিয়ে দেওয়ায় গ্রাহক ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
এর আগে গত ২১ মে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় ঈদের ছুটিতে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেলস (পিওএস), কিউআর কোড ও অনলাইন পেমেন্ট সেবায় নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে বলেছিল। পাশাপাশি কোথাও কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের নির্দেশও দেওয়া হয়।
এসএম/কেএসআর

