কাতার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী ট্রানজিট ফি বা টোল আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির মতে, এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত বিশ্বজুড়ে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করবে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক শাংরি-লা ডায়ালগ সম্মেলনে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী আব্দুল রহমান আল-থানি বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের তার অংশীদার দেশগুলো হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি টোল বা ফি ব্যবস্থার বিরোধিতা করে।
তিনি বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অংশীদাররা খুব স্পষ্টভাবে জানিয়েছে যে, ফি আরোপ করলে এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে। তাই আমরা এর বিপক্ষে।
তবে তিনি ইঙ্গিত দেন যে, নির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য কিছু চার্জ আরোপের বিষয়ে আলোচনা হতে পারে।
তার ভাষায়, যদি তারা বলে যে মাইন অপসারণ বা অন্য কোনো নির্দিষ্ট কাজে অস্থায়ীভাবে এই অর্থ ব্যবহার করা হবে, তাহলে সে ধরনের বিষয় নিয়ে আলোচনা ও সমঝোতার সুযোগ রয়েছে।
এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান এবং ওমান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সম্ভাব্য একটি কাঠামো নিয়ে আলোচনা করছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে সেখানে কোনো ধরনের স্থায়ী ফি বা টোল আরোপ করা হলে বৈশ্বিক জ্বালানি বাজার এবং পণ্যের দামের ওপর এর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: আল-জাজিরা
এমএসএম

