সরকারদলীয় কোনো এক সংসদ সদস্য এনসিপি ইজ নাথিং বলে মন্তব্য করেছেন উল্লেখ করে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ওই সংসদ সদস্য নিজের দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না।
সোমবার (১ জুন) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তুষার এসব কথা লেখেন।
এতে তিনি লেখেন, একজন সরকারদলীয় সংসদ সদস্য দেখলাম ন্যাকা ন্যাকা ইংরেজি টোনে বাংলায় বলছেন ‘এনসিপি ইজ নাথিং।’ খুব ভালো কথা!
তুষার লেখেন, অথচ ভদ্রলোক নিজে এক সময় পতিত সামরিক স্বৈরাচারের উপদেষ্টা ছিলেন। সেই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। আবার ক্ষমা-টমা চেয়ে পদ ফিরে পেয়েছিলেন।
তিনি আরও লেখেন, এবার কোনোমতে নির্বাচনে জেতার জন্য নিজের দল (যে দলের তিনি সভাপতি ছিলেন) বিলুপ্ত করে দিয়ে ধানের শীষ মার্কায় ভোট করেছেন।
শেষে এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান তুষার লেখেন, যিনি নিজের দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না, তিনি ৩০ আসনে নিজ মার্কায় ইলেকশন করে ৩ দশমিক ২১ শতাংশ ভোট বাগানো দেশের তৃতীয় বৃহত্তম দল সম্পর্কে বলছেন ‘নাথিং’। এজন্যই কবি বলেছেন, লোল!
এএমএ

