চট্টগ্রাম সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাব-এর পটিয়া প্রতিনিধি এস কে এম নুর হোসেনকে সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর পটিয়া প্রতিনিধি রবিউল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি আবেদুজ্জামান আমেরী (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব (বিজয় টিভি), দপ্তর সম্পাদক মোরশেদ আলম (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম (এশিয়ান টিভি), আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার শফিউল আলম, এস এম রহমান (নয়া দিগন্ত), গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ), আ ন ম সেলিম (দেশ রূপান্তর), ওসমান গনি (বৈশাখী টেলিভিশন) এবং গিয়াস উদ্দিন (সাঙ্গু)।
সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, পটিয়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা থাকবে।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটিয়ার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।
এমডিআইএইচ/এমআরএম

