মালদ্বীপে এক শ্রীলঙ্কান নাগরিকের ছুরিকাঘাতে মো. মজিবুর (২৮) নামে প্রবাসী বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি দেশটির থিনাধু দ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো. মজিবুর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে থিনাধু দ্বীপে এই হামলার ঘটনা ঘটে। তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে এক শ্রীলঙ্কান নাগরিক ধারালো অস্ত্র দিয়ে মজিবুরকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় প্রবাসীরা তাকে দ্রুত উদ্ধার করে থিনাধু দ্বীপের আঞ্চলিক হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতের কারণে মজিবুরের শরীরে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। তবে ঘটনার পর হামলাকারী শ্রীলঙ্কান নাগরিকের বিরুদ্ধে স্থানীয় পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে মজিবুরের ওপর এমন বর্বরোচিত হামলার খবরে তার গ্রামের বাড়ি কুমিল্লায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মজিবুরের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার, আত্মীয়-স্বজন ও মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এমআরএম

