বলিউড অভিনেতা রণবীর সিংহকে ঘিরে ‘ডন ৩’ বিতর্কে এবার বড় পরিবর্তন এসেছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) তার ওপর জারি করা ‘অসহযোগিতার নির্দেশ’ বা অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
জানা গেছে, রণবীর সিংহ ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকেই ফেডারেশনের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করা হয়েছিল।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রণবীরের পক্ষ থেকে ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর পর পরিস্থিতি নতুন মোড় নেয়। এরপরই বিষয়টি সমাধানে এগিয়ে আসে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (ইমপা), প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিন্টা)।
এই তিন সংগঠনের মধ্যস্থতার পর এফডব্লিউআইসিই সিদ্ধান্ত নেয়, আপাতত অসহযোগিতার নির্দেশ প্রত্যাহার করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট প্রযোজক ও শিল্পীদের স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফডব্লিউআইসিই সভাপতি বিএন তিওয়ারি বলেন, প্রযোজক সংগঠনগুলোর অনুরোধে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে, যাতে শিল্পী, পরিচালক ও প্রযোজকদের মধ্যে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়।
তিনি আরও জানান, বিষয়টি কোনোভাবেই জয় বা পরাজয়ের প্রশ্ন নয়। বরং সকল পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রণবীরের পাঠানো আইনি নোটিশের জবাব আইনজীবীর মাধ্যমে দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে ২৫ মে পরিচালক ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি সংশ্লিষ্ট সংগঠনের কাছে অভিযোগ জানান বলে জানা যায়। সেই অভিযোগের ভিত্তিতেই রণবীর সিংহের বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। প্রযোজকদের দাবি অনুযায়ী, ছবির প্রি-প্রোডাকশন পর্যায়েই এরই মধ্যে ৪৫ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। তবে এখনো শুটিং শুরু হয়নি।
আরও পড়ুন:
বলিউডে নতুন ঝড়, সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে সিনেমা
আরিয়ানের গ্রেপ্তারের খবর শুনে যা করেছিলেন রিয়া
অন্যদিকে, পুরো বিতর্ক চলাকালীন সময় রণবীর সিংহের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া না থাকলেও তার টিম জানায়, তিনি ইন্ডাস্ট্রির প্রতি শ্রদ্ধাশীল এবং পুরো বিষয়টি নিয়ে সচেতনভাবেই নীরব ছিলেন।
সব মিলিয়ে ‘ডন ৩’ ঘিরে চলমান এই বিরোধ আপাতত কিছুটা প্রশমিত হলেও পুরো পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে বলিউড মহলের।
এমএমএফ

