কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে গরুর মাংসের নানা ধরনের রান্নার আয়োজন। তবে একই স্বাদের ভারী খাবার বারবার খেতে খেতে অনেক সময় স্বাদে একঘেয়েমি চলে আসে।
সেই একঘেয়েমি কাটাতে ঝাল ও মসলাদার স্বাদের ভিন্ন একটি পদ হতে পারে গ্রিন চিলি বিফ। কাঁচা মরিচ, টমেটো ও সুগন্ধি মসলার মিশেলে তৈরি এই খাবারটি ঈদের ভোজকে আরও উপভোগ্য করে তুলবে। রইলো রেসিপি-
উপকরণ
- গরুর মাংস ১ কেজি
- ছোট লাল আলু ২৫০ গ্রাম
- পেঁয়াজ কুচি ১ কাপ
- আদা-রসুন বাটা ১ চামচ করে
- কাঁচামরিচ ৮-১০টি
- কাঁচামরিচ বাটা স্বাদমতো
- গরম মসলা গুঁড়া ১ চা চামচ
- টমেটো পেস্ট অল্প পরিমানে
- ধনেপাতা কুচি
- সবুজ ক্যাপসিকাম ২৫০ গ্রাম
- লবণ স্বাদমতো
- সয়াবিন তেল পরিমাণমতো
আরও পড়ুন:
- ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা
- গরুর চামড়া দিয়ে হালিম রান্নার রেসিপি
- অতিথি আপ্যায়নে রাখুন আফগানি কড়াই মাটন
যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে। এরপর সেটি আলাদা পাত্রে সামান্য ভেজে নিতে হবে, যেন বাইরের অংশে হালকা বাদামি রং আসে। ভাজা হয়ে গেলে মাংস আলাদা করে রেখে দিতে হবে। এরপর অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ধীরে ধীরে নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এগুলো সুন্দর বাদামি রঙ ধারণ করে।
এরপর এতে কাঁচামরিচ বাটা ও গরম মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মসলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর টমেটো ও ক্যাপসিকামের টুকরো যোগ করে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর মসলার ঘ্রাণ বের হতে শুরু করলে সেখানে ভাজা মাংস ও আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, যেন সব উপকরণ একসঙ্গে মিশে যায়।
সবশেষে টমেটো পেস্ট যোগ করে পাত্র ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। ঝোল ঘন ও মাখা মাখা হয়ে এলে উপর থেকে কাঁচা মরিচের ফালি ও ধনেপাতা ছড়িয়ে অল্প আঁচে কিছুক্ষণ দমে রাখতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল ঝাল ও সুগন্ধি স্বাদের গ্রিন চিলি বিফ। ঈদের ভারী খাবারের ভিড়ে এই ভিন্ন স্বাদের পদটি সহজেই হয়ে উঠতে পারে পরিবারের সবার পছন্দের একটি বিশেষ রান্না।
জেএস/

