Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অন্যের ভিডিও রি-আপলোড করে আয়ের পথ বন্ধ

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের তৈরি কনটেন্ট নিজের নামে ছড়িয়ে দিয়ে ভিউ ও আয় করার প্রবণতা দীর্ঘদিনের সমস্যা। এবার এই প্রবণতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইলন...
Homeঅন্যের ভিডিও রি-আপলোড করে আয়ের পথ বন্ধ

অন্যের ভিডিও রি-আপলোড করে আয়ের পথ বন্ধ

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের তৈরি কনটেন্ট নিজের নামে ছড়িয়ে দিয়ে ভিউ ও আয় করার প্রবণতা দীর্ঘদিনের সমস্যা। এবার এই প্রবণতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। নতুন নীতিমালার মাধ্যমে মূল কনটেন্ট নির্মাতাদের স্বার্থ রক্ষা এবং কপিক্যাট অ্যাকাউন্টগুলোর আয়ের পথ সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রি-আপলোড করা ভিডিও আর আয় দেবে না

এক্স-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিকিতা বিয়ার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, অনেক বড় অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে ছোট ক্রিয়েটরদের জনপ্রিয় ভিডিও সংগ্রহ করে পুনরায় আপলোড করছিল। এর ফলে মূল নির্মাতারা যথাযথ স্বীকৃতি ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

তিনি জানান, প্ল্যাটফর্মটি এমন অসংখ্য অ্যাকাউন্ট শনাক্ত করেছে যারা নিয়মিতভাবে অন্যের কনটেন্ট পুনঃপ্রকাশ করে রেভিনিউ শেয়ার প্রোগ্রাম থেকে অর্থ উপার্জন করছিল।

মূল নির্মাতার কাছেই যাবে আয়

নতুন নিয়ম অনুযায়ী, এক্স এখন পুনরায় আপলোড করা ভিডিও শনাক্ত করতে বিশেষ ব্যবস্থা চালু করবে। কোনো ভিডিওর কপি শনাক্ত হলে সেই কনটেন্ট থেকে পাওয়া ইমপ্রেশন এবং বিজ্ঞাপনভিত্তিক আয় সরাসরি মূল নির্মাতার হিসাবে গণনা করা হবে। অন্যদিকে, যেসব ব্যবহারকারী শুধুমাত্র কনটেন্ট কপি করে পুনরায় প্রকাশ করবেন, তারা ওই কনটেন্ট থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা পাবেন না।

মন্তব্য জানাতে ব্যবহার করতে হবে অফিসিয়াল ফিচার

এক্স ব্যবহারকারীদের জন্য বিকল্প ব্যবস্থাও রেখেছে। কোনো ভিডিও বা পোস্ট নিয়ে মতামত, বিশ্লেষণ বা প্রতিক্রিয়া প্রকাশ করতে চাইলে শেয়ার ভিডিও অথবা কোট পোস্ট ফিচার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এতে মূল পোস্টের উৎস অক্ষুণ্ণ থাকবে এবং প্রকৃত কনটেন্ট নির্মাতা যথাযথ কৃতিত্ব পাবেন। পাশাপাশি দর্শকরাও সহজেই মূল উৎসে পৌঁছাতে পারবেন।

মানসম্মত কনটেন্ট তৈরিতে উৎসাহ

এক্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হলো মৌলিক ও উচ্চমানের কনটেন্ট তৈরিতে ক্রিয়েটরদের উৎসাহ দেওয়া। একই সঙ্গে নিশ্চিত করা যে, প্রকৃত নির্মাতার তৈরি কনটেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছাবে এবং তার প্রাপ্য মূল্যায়ন পাবে।

নিকিতা বিয়ারের ভূমিকা

উল্লেখ্য, জনপ্রিয় সামাজিক অ্যাপ টিবিএইচ এবং গ্যাসের নির্মাতা নিকিতা বিয়ার ২০২৫ সালে এক্সে যোগ দেন। এর আগে তিনি মেটা এবং ডিসকোর্ডের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

ক্রিয়েটর ইকোনমি নিয়ে তার বিভিন্ন মতামত ইতোমধ্যেই প্রযুক্তি মহলে আলোচিত। তিনি পূর্বে নির্মাতাদের মুখ দেখিয়ে ভিডিও তৈরির পরামর্শও দিয়েছিলেন, কারণ তার মতে, নতুন অ্যাকাউন্ট হলেও এ ধরনের কনটেন্ট দ্রুত বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম।

নতুন নীতিমালার ফলে এক্সে কনটেন্ট চুরি বা অনুলিপি করে জনপ্রিয় হওয়ার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে মৌলিক কনটেন্ট নির্মাতাদের জন্য আরও ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।

কেএসকে