শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আমাদের মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, সেটা পারিবারিক মূল্যবোধ হোক বা ধর্মীয় মূল্যবোধ হোক, সেটার উন্নতি ঘটাতে হবে। তিনি বলেন, আমাদের পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ কীভাবে পলিসিগতভাবে উন্নতি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সেটাই করছি।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুলের অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ এবং গ্রেজুয়েট লেভেলে সারাদেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অনেক প্রয়োজনীয় হয়ে পড়েছে। কীভাবে বিএনসিসিকে শক্তিশালী করতে পারি আজ আমরা প্রধানমন্ত্রী সঙ্গে সে বিষয়ে আলোচনা করেছি।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কালচার গড়ে উঠবে। অর্থাৎ এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সঙ্গে উচ্চমুখ পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা তৈরি হবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা মূল্যবোধ বা মান-সম্পন্ন শিক্ষার ভিত্তিক করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সেই ক্ষেত্রে কারিকুলারঅক্টিভিটিকে প্রাধান্য দেওয়া হবে।
তিনি বলেন, সরকারের যে উন্নয়ন কার্যক্রম রয়েছে ম্যানিফেস্টোতে যে ধারাগুলো রয়েছে সেই পলিসিগুলো বাস্তবায়নে আমরা আমাদের শিক্ষার্থীদের যুক্ত করতে চাই। তার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিএনসিসি, গার্লস গাইড, স্কাউট, রোভারসহ বিভিন্ন কার্যক্রমকে আরো শাণিত করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য বিএনসিসি, গার্লস গাইড কিংবা স্কাউটের মতো এ ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোকে ন্যাশনাল লেভেলে কীভাবে আরো বিস্তৃত আকারে কার্যক্রমে সম্পৃক্ত করতে পারি তা নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
কেএইচ/এমআইএইচএস

