চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।
বুধবার (৬ মে) বেলা ১১টা থেকে তারা নগরের বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’ এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকে জমা রাখা তাদের অর্থ আটকে আছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। সামনে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেকেই।
আন্দোলনকারীরা বলেন, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, হেয়ার কাট বাতিল ও আমানতের টাকা ফেরতের দাবিতে সকাল থেকে তারা আন্দোলন করছিল। এলাকা ভিআইপি জোন হওয়ায় আমরা তাদের নিউমার্কেট মোড়ে কর্মসূচি করতে বলেছিলাম। তবে তারা আলকরণ মোড়ে অবস্থান নেয়। পরে তারা বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি দিয়েছে।
এমআরএএইচ/এমএমকে

