ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন গ্রাহকরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ

সকাল সাড়ে ১০টায় জেলা শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংককে একটি ভিক্ষুকের ব্যাংকে পরিণত করার জন্য সরকার পাঁয়তারা করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এস আলমের ঋণ কেলেঙ্কারির ধারা থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় সরকার আবারও জনগণের আস্থার সংকটে পড়বে। আওয়ামী লীগ যেমন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে, তেমনি পরিস্থিতি তৈরি হলে বিএনপি সরকারও কোথাও আশ্রয় পাবে না।
কর্মসূচিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আরাফাত হোসেন ও সদস্য সিরাজুল ইসলামসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
রাজশাহী
বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আস্থা ও স্বার্থকে উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অচিরেই নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংককে প্রকৃত অর্থে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
বক্তারা আরও বলেন, রাতারাতি ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন করে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নীলফামারী
দুপুরে ইসলামী ব্যাংক নীলফামারী শাখার সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের সাধারণ গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিগত সরকার ও এস আলম গ্রুপ যেভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে ইসলামী ব্যাংককে ‘গিলে খেয়েছে’ ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, বর্তমান সরকারও একই পথ অনুসরণ করছে। তাদের অভিযোগ, ফ্যাসিবাদের দোসর খুরশিদ আলমকে চেয়ারম্যান পদে বসিয়ে নতুন করে ইসলামী ব্যাংক লুটের পাঁয়তারা চলছে।
বক্তারা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমকে দ্রুত অপসারণ এবং ব্যাংকের শৃঙ্খলা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে আগের চেয়ারম্যানকে পুনরায় নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
এএইচকিউ/এসআর/জেআইএম

