Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী বলে জানা...
Homeঈদুল আজহায় নিত্যপণ্যে মূল্যছাড় দেবেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

ঈদুল আজহায় নিত্যপণ্যে মূল্যছাড় দেবেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এবার উল্টো পথে হাঁটার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১৮ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতা, সুপারশপ প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে উৎসব মানেই ছাড়, মূল্যহ্রাস ও মানুষের জন্য বাড়তি সুযোগ। কিন্তু আমাদের দেশে উৎসব এলেই জিনিসপত্রের দাম বাড়ে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।

তিনি বলেন, উৎসব একা করা যায় না। নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও ধনী—সবাই যেন আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটাই হওয়া উচিত।

কিছু ব্যবসায়ীকে উদ্দেশ করে জেলা প্রশাসক বলেন, উৎসবকে কেন্দ্র করে যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করতে চায়, আমি তাদের ব্যবসায়ী বলি না, রাষ্ট্রের শত্রু বলি।

তবে অধিকাংশ ব্যবসায়ী এ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান তিনি। বিশেষ করে খাতুনগঞ্জ, রেয়াজউদ্দিন বাজার ও টেরিবাজারের ব্যবসায়ীদের সহযোগিতার কথা উল্লেখ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্ন, আগোরা, দ্য বাস্কেট, খুলশী মার্ট ও শপিং ব্যাগসহ বিভিন্ন সুপারশপের সঙ্গে আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে পেঁয়াজ, আদা, রসুন, আটা, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যে ২ থেকে ৫ শতাংশ ছাড় এবং কিছু পণ্যে ৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত মূল্য কমানোর ঘোষণা আসে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উদ্যোগের প্রস্তুতি চলছিল গত ছয় মাস ধরে। দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা প্রশাসক পাইকারি ব্যবসায়ী, খুচরা বিক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছিলেন।

সোমবার সকালে বৃষ্টিভেজা আবহাওয়া ও যানজট উপেক্ষা করে জেলা প্রশাসক খাতুনগঞ্জ পাইকারি বাজারে যান। সেখানে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

ব্যবসায়ী প্রতিনিধিরাও এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, মানুষের স্বস্তির জন্য পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীরাও ভূমিকা রাখবেন।

সংবাদ সম্মেলনে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বিজিএমইএর চট্টগ্রামের পরিচালক এনামুল আজিজ চৌধুরী বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা শুধু আইনগত নয়, নৈতিক দায়িত্বও। তিনি জানান, চট্টগ্রামের ৩৪০টি পোশাক কারখানার মধ্যে ৩০২টি এরই মধ্যে এপ্রিল মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে।

এ ছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতি ও রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ মো. ছালামত আলী জানান, আগামী ২২ থেকে ২৪ মে পর্যন্ত মসলাজাতীয় পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হবে।

খুচরা পর্যায়ে মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার কমিটি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সমন্বয় রেখে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, আমাদের লক্ষ্য কঠোরতা দেখানো নয়; বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. হাসান ইকবাল চৌধুরী, শিল্পাঞ্চল-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমএমকে